কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ এবং ৬০ বোতল ভারতীয় মদ।
বুধবার (১৮ নভেম্বর) বেলা দুপরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটের দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
অন্যদিকে, ১৮ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে রাত ১২টা ৪০ মিনিটের দিকে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান চালিয়ে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও ভারতীয় মদের মোট আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।