চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের সদর শাখার ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রামীণ ব্যাংকের ওই ভবনে সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার সময় ভবনটিতে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে মূল ফটকে আগুন জ্বলতে দেখে তারা নিচে নেমে আসেন। তবে ততক্ষণে আগুন দেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী বলেন, ‘ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত নিচে নেমে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।’
খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আগুন লাগানোর আলামত সংগ্রহ করা হয়। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম সারাবাংলাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’