Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৮:২১

বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

ঢাকা: গণতন্ত্র ও দেশের শত্রুরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এ দেশের সাধারণ মানুষ আর কখনোই ফ্যাসিবাদকে গ্রহণ করবে না।

বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।’

বিজ্ঞাপন

বিগত সময়ের স্বৈরাচারী শাসন এবং জুলাই আন্দোলনে শিশুসহ ছাত্র-জনতার ওপর চালানো নির্বিচার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো ধরনের ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাস স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে সেই গণতন্ত্র আরও সংহত হয়েছে।’ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্জিত গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মওলানা ভাসানী তার পুরো রাজনৈতিক জীবনে নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন।’

তিনি আরও উল্লেখ করেন, ১৯৫৪ সালে ঐতিহাসিক টাঙ্গাইল সদর আসন থেকে মওলানা ভাসানী নির্বাচন করেছিলেন এবং তিনি নিজেও সেই একই আসন থেকে নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক যোগসূত্রের কারণে মওলানা ভাসানীর প্রতি তার আলাদা আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা কাজ করে বলে জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান-সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর