টালিউড সুপারস্টার জিৎ ও ঢালিউডের শরিফুল রাজকে নিয়ে অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘লায়ন’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সিনেমাটি আলোর মুখ দেখার আগেই চলতি বছরের আগস্টে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জিৎ। এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, ‘লায়ন’ সিনেমায় জিতের পরিবর্তে যুক্ত হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। বিষয়টি নিয়ে তিনি বলেন, এটি স্রেফ গুজব।
এর আগে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ ও ‘তাণ্ডব’ সিনেমা নির্মাণ করে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পান রাফী। ‘তুফান’ সিনেমার শেষে ‘তুফান টু’-এর ঘোষণাও দেওয়া হয়েছিল। নির্মাতা জানিয়েছেন, ‘তুফান টু’ নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং সুযোগমতো তিনি এর শুটিং শুরু করবেন। উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়াও মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু ও মিশা সওদাগরের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।