Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘চাচ্চু’র সেই ছোট্ট জুঁই এখন নিউইয়র্কের এক ফ্রেমে: নতুন গুঞ্জনে শাকিব-দীঘি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৯

২০০৬ সালের কথা। প্রেক্ষাগৃহে মানুষের ঢল, সবার চোখে পানি আর মুখে বিশ্বস্ত এক আবেগ ‘চাচ্চু’ সিনেমার সেই দিনগুলো আজও ঢালিউডপ্রেমীদের স্মৃতিতে টাটকা। সিনেমার সেই মিষ্টি ও মায়াবী ‘জুঁই’ চরিত্রের ছোট্ট মেয়েটি, যে কিনা এক ডাক দিয়েই দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল, আজ সে আর কেবল শিশুশিল্পী নয়। সময়ের আবর্তে প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢাকাই চলচ্চিত্রের পূর্ণাঙ্গ এক নায়িকা।

আর যার হাত ধরে, যার স্নেহে রুপালি পর্দায় সেই জুঁই একের পর এক আবেগের জোয়ার ভাসিয়েছিল সেই ঢালিউড মেগাস্টার শাকিব খান আজও ঢাকাই ইন্ডাস্ট্রির মসনদে একদম অবিচল। তবে বহু বছর পর এই দুই তারকাকে যখন এক ফ্রেমে দেখা যায়, তাও আবার সূদূর নিউইয়র্কের মাটিতে, তখন সিনেমার অনুরাগীদের মধ্যে আলোচনা আর কৌতুহলের বাঁধ ভাঙাই স্বাভাবিক।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। দেশের সাংস্কৃতিক অঙ্গনের একঝাঁক তারকার মিলনমেলায় পরিণত হয়েছিল এই অনুষ্ঠান। সেখানেই একই ছাদের নিচে ফ্রেমবন্দী হন শাকিব খান ও দীঘি। অনুষ্ঠানের ফাঁকে শাকিবের সঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন দীঘি, যেখানে ক্যাপশনে তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সংক্ষেপে লেখেন ‘মেগাস্টার’।

ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় শাকিব-দীঘির ভক্তদের মাঝে। কমেন্ট বক্সে হু হু করে বাড়তে থাকে লাইক আর প্রতিক্রিয়া। অনেকেই ফিরে গেছেন পুরোনো স্মৃতিতে যেখানে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ কিংবা ‘তোর কারণে বেঁচে আছি’র মতো সুপারহিট সিনেমাগুলোতে চাচ্চু ও ভাতিজির রসায়ন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। রূপালী পর্দার সেই টান আর আবেগ যেন আবারও এক নিমেষে জীবন্ত হয়ে উঠেছে নতুন এই ছবির মাধ্যমে।

তবে এই স্মৃতিকাতরতার পাশাপাশি সিনেমাপাড়ায় শুরু হয়েছে এক নতুন জল্পনা। শিশুশিল্পী থেকে এখন পুরোদস্তুর নায়িকা বনে যাওয়া দীঘি কি তবে এবার শাকিব খানের সঙ্গে নতুন কোনো প্রজেক্টে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন? সময়ের ব্যবধানে ভাতিজির চরিত্র থেকে বেরিয়ে এবার কি শাকিবের সঙ্গে নায়িকা হিসেবে জুটি বাঁধবেন তিনি? সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্তই এমন আগ্রহ আর কৌতূহল প্রকাশ করছেন।

যদিও বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের এই সাক্ষাৎ শুধুই ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সৌজন্য ঘিরে। নতুন কোনো সিনেমার শুটিং বা চুক্তি সম্পর্কিত কোনো অফিসিয়াল তথ্য এখনো মেলেনি। তবে বিনোদন অঙ্গনে কোনো সম্ভাবনাই যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তা তো সময়ই বারবার প্রমাণ করেছে।

একসময় যাকে স্ক্রিনে ‘চাচ্চু’ বলে ডাকতেন, কালের পরিক্রমায় সেই মেগাস্টার শাকিব খানের পাশে দীঘিকে ভবিষ্যতে কোনো নতুন চমকে নায়িকা হিসেবে দেখা যাবে কি না সেই উত্তর আপাতত সময়ের গর্ভেই জমা রইল!

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর