রংপুর: নগরীতে নিখোঁজের ২দিন পর অটোরিকশাচালক আরিফুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেনাসদস্য শাহীন শেখ ও অপর অভিযুক্ত রাশেদুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মাদক ও জুয়া সংক্রান্ত বিরোধ এবং পারস্পরিক ব্ল্যাকমেইলের অভিযোগ উঠে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালিয়ে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কম্বলে মোড়ানো অবস্থায় ছিল এবং সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে মাথায় আঘাত করে এবং পরে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।
নিহত আরিফুল ইসলাম রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ছেলের সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ আরিফুলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে এবং ওই সূত্র ধরে সেনাসদস্য শাহীনের বাসায় অভিযান চালায়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে সেনাসদস্য শাহীনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়। সেনাবাহিনী তাকে নিজেদের হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে সন্দেহভাজন রাশেদুল ইসলাম রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে শাহীনের জড়িত থাকার প্রমাণ মেলে। শুক্রবার তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে মাদক ও ক্যাসিনোতে জুয়া খেলা নিয়ে শাহীন ও আরিফুলের মধ্যে বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মাদকসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। অন্যদিকে গ্রেফতার হওয়া সেনাসদস্য শাহীন শেখের দাবি, আরিফুল বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করত। নিহতের বাবা লিটন মিয়া অভিযোগ করেছেন, হত্যার পর পরিবারকে বিভ্রান্ত করতে শাহীন আরিফুলের মোবাইল ফোন থেকে বার্তা পাঠিয়েছিলেন এবং মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন।
ওসি ওয়াদুদ আলম বলেন, ‘আরিফুলের মরদেহ উদ্ধারের পর রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সেনাসদস্য শাহীনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’