Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কারকাজ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ২৩:২৭

ঢাকা: রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজের উদ্বোধন করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব সংস্কার কাজের উদ্বোধন করেন।

সংস্কার কার্যক্রমের আওতায় আবাসিক কলোনির ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে।

পিডব্লিউডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আতাউর রহমান সরকার। তিনি ঢাকা-১২ আসনের উন্নয়ন প্রকল্পের সমন্বয়কের দায়িত্বেও রয়েছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা দক্ষিণের আমির আবু সাঈদ মণ্ডল।

এ সময় পিডব্লিউডির সংশ্লিষ্ট প্রকৌশলীরা, শেরেবাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও বসবাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে কলোনির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।