Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু হবে কি না, আদেশ ২ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩৮

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস – ছবি : সংগৃহীত

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

এদিন রাষ্ট্রপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি দুই আসামির বিরুদ্ধে পৃথক অভিযোগ তুলে ধরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান।

শুনানিতে প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জাহাংগীর আলম স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করতেন। দিনের বেলায় দাফতরিক দায়িত্ব পালনের পাশাপাশি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনের পরিকল্পনা করতেন তিনি।

প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনে বিভিন্ন কৌশলের মধ্যে কারফিউ জারি ছিল অন্যতম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক ছাত্র-জনতা হত্যার শিকার হন।

আবদুস সাত্তার পালোয়ান বলেন, জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এসব তথ্য-উপাত্ত বিবেচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান তিনি।

পরে গ্রেফতার জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। আইনজীবী বলেন, জাহাংগীর আলম সরকারি দায়িত্ব পালন করেছেন। তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। এ ছাড়া সরকারি দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন বৈঠকে উপস্থিত থাকা তার জন্য বাধ্যতামূলক ছিল। নিরুপায় হয়েই তিনি এসব বৈঠকে অংশ নিতেন।

অন্যদিকে, পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি জাহাংগীর আলমের আইনজীবীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে একই ধরনের অপরাধের অভিযোগ এনেছে। তবে ধনঞ্জয় এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। এ যুক্তিতে তাকেও অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।

আসামিপক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের হয়ে পাল্টা যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকলেও কোনো ব্যক্তি আইনের আওতার বাইরে নন। দায়িত্ব পালনের সময় কোনো কর্মকাণ্ড আপাতদৃষ্টিতে আইনসম্মত মনে হলেও এর পেছনে অপরাধমূলক সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা যেতে পারে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন। ওই দিন দুই আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে গত ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই দিন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলায় দুই আসামির বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।