Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৬:১৮

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে এ আবেদন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও আবদুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান মামলার অভিযোগ ও দাখিল করা তথ্য-প্রমাণ তুলে ধরেন। তিনি জানান, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) অভিযোগে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি ৯৩৬ পৃষ্ঠার তথ্য-উপাত্ত ও প্রমাণাদি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতিষ্ঠার জন্য এসব সাক্ষ্য ও নথিপত্র যথেষ্ট। এ বিবেচনায় দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান প্রসিকিউটর।

পরে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানির সময় জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় বুধবার পরবর্তী তারিখ রাখা হয়। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়।

এর আগে গত ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই দিনে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাস। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তাদের দায়ের বিষয়টিও অভিযোগে অন্তর্ভুক্ত করেছে প্রসিকিউশন। এসব অভিযোগের ভিত্তিতেই এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়েছে।