Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বের ৫ লাখ তরুণকে পেছনে ফেলে ‘প্রমিস অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের ফাতিহা

সারাবাংলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ১৫:২৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ইয়ুথ ক্লাবস’ (World Youth Clubs)-এর মর্যাদাপূর্ণ ‘প্রমিস অ্যাওয়ার্ডস-২০২৬’ (Promise Awards)-এর ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কিশোরী ফাতিহা আয়াত। বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৫ লক্ষাধিক তরুণকে পেছনে ফেলে এ বিজয় অর্জন করেন তিনি।

ফ্লোরিডাভিত্তিক সংস্থাটির পক্ষ থেকে এই পুরস্কারের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বৈশ্বিক এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ফাতিহার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন ও মেক্সিকোর এলিসমা আদামারি। বাছাই প্রক্রিয়ার সব ধাপ পেরিয়ে এই তিন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নেন ফাতিহা আয়াত।

বিজ্ঞাপন

আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ইয়ুথ ক্লাবস জানায়, ‘ইউথ অব দ্য ইয়ার’ বিভাগে মূলত ১৩ থেকে ১৯ বছর বয়সি তরুণদের নেতৃত্বের গুণাবলি, দৃঢ়তা, প্রাতিষ্ঠানিক সাফল্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে মূল্যায়ন করা হয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ফাতিহা প্রতিষ্ঠা করেছেন বৈশ্বিক প্রতিযোগিতা ‘জিরো অলিম্পিয়াড’ (Zero Olympiad)। মূলত এই উদ্যোগ এবং সামাজিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি প্রমিস অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হন ও চূড়ান্ত বিজয় অর্জন করেন।

ঢাকায় জন্ম নেওয়া ফাতিহা আয়াত শৈশব থেকেই শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবাধিকার নিয়ে দেশ-বিদেশে কাজ করে আসছেন। মাত্র সাত বছর বয়সে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়ে তিনি বিশ্বজুড়ে আলোচনায় আসেন।

ফাতিহার এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে দেশের তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ-তরুণীদের ইতিবাচক নেতৃত্বের ক্ষেত্রে এই অর্জন নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর