জাককানইবি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক চলচ্চিত্র উৎসব ‘ইন্ডিএক্স ফিল্ম ফেস্ট’-এ স্টুডেন্ট ক্যাটাগরিতে সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘ইকোস অফ ওয়ার’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত রিগ্যাল এলএ লাইভ অডিটোরিয়ামে এবারের উৎসবের আয়োজন করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্ষিক আয়োজনে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। একই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের প্রতিযোগিতায় ১২টি দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়েছেন।
পিয়াল সরকার একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অ্যাকাডেমিক প্রকল্প হিসেবে ‘ইকোস অফ ওয়ার’ নির্মাণ করেন তিনি। চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা কোর্সের অংশ হিসেবে নির্মিত এ চলচ্চিত্রের শিক্ষক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
চলচ্চিত্রটি সম্পর্কে পিয়াল জানান, ‘ইকোস অফ ওয়ার’ একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। এতে যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকায় সৃষ্ট সংকট তুলে ধরা হয়েছে। এসব সংঘাত কীভাবে ভৌগোলিক সীমানা পেরিয়ে দূরবর্তী দেশের সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে, তা চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে।
তিনি বলেন, ‘ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড়ো বোঝা অনেক সময় সমাজের প্রান্তিক ও শ্রমজীবী মানুষকে বহন করতে হয়। প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং ছোটো ছোটো আনন্দ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মানবিক প্রতিরোধ ও জীবনের প্রতি ভালোবাসার গল্প তুলে ধরেছে।’
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানিয়ে পিয়াল বলেন, ‘একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ-সুবিধা ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড়ো অর্জন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হওয়ায় আমি অনুপ্রাণিত।’
এই স্বীকৃতি তার পরবর্তী কাজের জন্য নতুন সাহস ও আত্মবিশ্বাস জোগাবে উল্লেখ করে তিনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের যাত্রায় এটি আমার জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।’