Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইস্তাম্বুলের নীল সৌন্দর্যের অনন্য স্থাপত্য ‘ব্লু মস্ক’

তুরস্কের ইস্তাম্বুল থেকে মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৫:০৯

ইস্তাম্বুলের সুলতান আহমেদ মসজিদ বা ‘ব্লু মস্ক’র সামনে লেখক মো. মোহসিন হোসেন। ছবি: লেখক

তুরস্ক: তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের অন্যতম প্রধান আকর্ষণ সুলতান আহমেদ মসজিদ। নীল রঙের অপূর্ব কারুকাজের কারণে বিশ্বজুড়ে এটি ‘ব্লু মস্ক’ নামে পরিচিত। প্রায় চারশ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন নয়, বরং উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির এক জীবন্ত প্রতীক।

ইস্তাম্বুলের ইউরোপীয় অংশের ঐতিহাসিক সুলতান আহমেদ এলাকায় অবস্থিত মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম আহমেদ। ১৬০৯ সালে এর নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৬১৬ সালে। স্থপতি সেদেফকার মেহমেদ আগার নকশায় নির্মিত এই মসজিদ উসমানীয় স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

মসজিদটি নির্মাণের পেছনে সুলতান প্রথম আহমেদের বিশেষ উদ্দেশ্য ছিল। তিনি এমন একটি স্থাপনা নির্মাণ করতে চেয়েছিলেন, যা উসমানীয় সাম্রাজ্যের ধর্মীয় ঐতিহ্য, রাজনৈতিক শক্তি এবং স্থাপত্যশিল্পের উৎকর্ষ তুলে ধরবে। সে সময়ের প্রচলিত স্থাপত্যরীতির সঙ্গে নতুনত্বের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয় এই অসাধারণ স্থাপনা।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর ছয়টি সুউচ্চ মিনার। সে সময় মক্কার পবিত্র মসজিদে ছয়টি মিনার থাকায় সুলতান আহমেদ মসজিদেও ছয়টি মিনার নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে মক্কার মসজিদে সপ্তম মিনার নির্মাণের ব্যবস্থা করা হয় বলে ঐতিহাসিকভাবে উল্লেখ পাওয়া যায়।

মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। দেয়াল ও গম্বুজের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে প্রায় ২০ হাজার হাতে তৈরি ইজনিক সিরামিক টাইলস। এসব টাইলসে নীল, সাদা ও সবুজ রঙের ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে নীল রঙের টাইলসের আধিক্য থেকেই মসজিদটির নাম হয়েছে ব্লু মস্ক।

মসজিদের বিশাল কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা প্রায় ৪৩ মিটার এবং ব্যাস প্রায় ২৩ দশমিক ৫ মিটার। কেন্দ্রীয় গম্বুজের চারপাশে রয়েছে আরও কয়েকটি ছোট গম্বুজ ও অর্ধগম্বুজ। এসব গম্বুজের সমন্বয়ে পুরো স্থাপনাটি পেয়েছে অনন্য এক নান্দনিক রূপ। মসজিদের ভেতরে রয়েছে বিশাল ঝাড়বাতি, প্রশস্ত নামাজের জায়গা এবং অসংখ্য জানালা। জানালাগুলো দিয়ে দিনের আলো প্রবেশ করে মসজিদের অভ্যন্তরে তৈরি করে এক অপূর্ব পরিবেশ।

মসজিদের মিহরাব ও মিম্বরও বিশেষভাবে দৃষ্টিনন্দন। সাদা মার্বেল পাথরে নির্মিত মিহরাবটি কাবার দিক নির্দেশ করে। অন্যদিকে মিম্বর থেকে ইমাম খুতবা প্রদান করেন। মসজিদের বিশাল প্রাঙ্গণ এবং চারপাশের স্থাপত্যও দর্শনার্থীদের আকৃষ্ট করে।

ব্লু মস্কের আরেকটি বিশেষত্ব হলো- এটি কেবল ঐতিহাসিক স্থাপনা কিংবা পর্যটনকেন্দ্র নয়; এখনো নিয়মিত এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লি ও পর্যটকেরা প্রতিদিন এই মসজিদ দেখতে ভিড় করেন। নামাজের সময় পর্যটকদের প্রবেশে কিছু বিধিনিষেধ থাকে। দর্শনার্থীদের শালীন পোশাক পরতে হয় এবং জুতা খুলে মসজিদে প্রবেশ করতে হয়। নারীদের মাথা ঢেকে প্রবেশের নিয়ম রয়েছে।

মসজিদের পাশেই রয়েছে ঐতিহাসিক হায়া সোফিয়া, যা ইস্তাম্বুলের আরেকটি বিশ্বখ্যাত স্থাপনা। কাছেই রয়েছে তোপকাপি প্রাসাদ এবং প্রাচীন রোমান আমলের হিপোড্রোম এলাকা। ফলে একই এলাকায় ঘুরে দেখা যায় কয়েক শতাব্দীর ইতিহাস ও সভ্যতার নানা নিদর্শন।

ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল ইস্তাম্বুলের ইতিহাসে ব্লু মস্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের পরিবর্তন, সাম্রাজ্যের উত্থান-পতন এবং আধুনিক নগরায়ণের মধ্যেও মসজিদটি তার ঐতিহাসিক মর্যাদা ও সৌন্দর্য ধরে রেখেছে। এর নীল টাইলস, বিশাল গম্বুজ ও ছয়টি মিনার শুধু স্থাপত্যের সৌন্দর্যই প্রকাশ করে না, বরং অতীতের এক সমৃদ্ধ সভ্যতার গল্পও শোনায়।

সুলতান আহমেদ ব্লু মস্ক তাই কেবল তুরস্কের একটি মসজিদ নয়, এটি বিশ্ব মুসলিম ঐতিহ্য ও মানবসভ্যতার এক অমূল্য সম্পদ। ইস্তাম্বুল ভ্রমণে আসা যে কোনো মানুষের জন্য এই মসজিদ দর্শন এক স্মরণীয় অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর