Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৪:৪৯

আইনি নোটিশ। ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানোর যুক্তিতে এই নোটিশ পাঠানো হয়।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে শেখ হাসিনার দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় তার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব গোপন তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়, কোনো দেশের সাবেক বা ক্ষমতাচ্যুত সরকারপ্রধানের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান ও রাজনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যে বৈরিতা বাড়াতে পারে। এর পরিণতিতে সার্বভৌমত্বের সংকট এবং সামরিক সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে।

এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেন ও ইউক্রেনের উদাহরণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর দেশটিতে তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখে। পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে, যার ফলে দেশটিতে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

একইভাবে ২০১৪ সালে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়। এর ধারাবাহিকতায় রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতার আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যেও যেন কোনো দ্বিপাক্ষিক বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাতের কারণ না হয়, সে বিষয়ে সরকারকে আগাম পদক্ষেপ নিতে হবে।

এ কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা সুরক্ষা, সম্ভাব্য সংঘাত প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার স্বার্থে শেখ হাসিনাকে দ্রুত কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর