কুমিল্লা: কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৫৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ১০৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন পুলিশের অভিযানে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনা এবং মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চুরি প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।