ঢাকা: বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের সংসদ’ ও ‘ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে আখ্যায়িত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই সংসদে কোনো ধরনের লুকোচুরি আর চলবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিগত সরকারের আমলের বিভিন্ন গুম-খুন ও গোপন চুক্তির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পসহ অতীতে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়বস্তু আগামী সংসদ অধিবেশনে স্পষ্টভাবে তুলে ধরার জোর দাবি জানান।
সংসদের গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটি কোনো সাধারণ সংসদ নয়; এই সংসদ অন্তত ১ হাজার ৪০০ শহিদের তাজা রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা বা ‘এক্সট্রা জুডিশিয়াল কিলিং’, হেফাজতে নির্যাতন বা ‘কাস্টডিয়াল টর্চার’ এবং কুখ্যাত ‘আয়নাঘর’-এর মতো ভয়াবহ নিপীড়নের শিকার হতে হয়েছে।’
গুম হওয়া বহু মানুষ আজও পরিবারের কাছে ফিরে আসেননি উল্লেখ করে তিনি সিলেটের জনপ্রিয় নেতা ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর নিখোঁজ থাকার প্রসঙ্গ টেনে বলেন, ‘শুধু একজন ইলিয়াস আলী নন, এরকম হাজারো গুম হওয়া মানুষ বেঁচে আছেন নাকি মারা গেছেন এবং মারা গেলে তাদের ঠিকানা কোথায় হয়েছে, সেটির উত্তর আজও তাদের পরিবারগুলো পায়নি।’
সাম্প্রতিক নাশকতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘অধিবেশন চলাকালে গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা চালানো হচ্ছে।’ এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশ ও জাতিকে সুনির্দিষ্টভাবে অবহিত করা হবে এবং সরকার কী পদক্ষেপ নিয়েছে ও ভবিষ্যতে কী করবে তা স্পষ্ট করা হবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এ বিষয়ে যথেষ্ট স্পষ্ট ছিল না উল্লেখ করে তিনি সরকারের নীতি ও কৌশল সম্পর্কে আরও সুনির্দিষ্ট অবস্থান প্রত্যাশা করেন।
সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ‘বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে পেশ করার বিধান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, অতীতে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক অনেক চুক্তি সম্পাদিত হলেও জাতি সেগুলোর বিষয়বস্তু জানতে পারেনি এবং এসব বিষয়ে ব্যাপক লুকোচুরি করা হয়েছে।’ বর্তমান নির্বাচিত সংসদে সেই লুকোচুরি আর চলতে দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাপান সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে বা বর্তমান সময়ে কোনো চুক্তি হয়ে থাকলে তা যেন আগামী সংসদ অধিবেশনে স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়।’ গণমাধ্যমে প্রকাশিত নানা অস্পষ্টতা ও অনুমাননির্ভর প্রতিবেদনের অবসান ঘটিয়ে অফিশিয়াল বিবৃতির মাধ্যমে সব ধোঁয়াশা দূর করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।