Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ভাঙচুর-লুটপাট: ১০ ককটেল উদ্ধার, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ১৯:৫২

ভাঙচুরের পরের পরিস্থিতি। ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও পাঁজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ওই পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহারাজপুর নতুনপাড়া গ্রামের মৃত মমিনুল বিশ্বাসের ছেলে দুরুল হুদার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় বাড়িতে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ও কয়েক ভরি সোনার অলঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ভেঙে ফেলা হয় বাড়ির দরজা, জানালা ও আসবাবপত্র।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজপুর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওদুদ মহরিল ও জালাল মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। গত দুই মাসে কয়েক দফায় ককটেল বিষ্ফোরণ ও শতাধিক ককটেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় জালাল মেম্বারের ওপর হামলা হয়। পরে তাকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জের ধরেই জালাল মেম্বারের লোকজন সকালে দুরুল হোদার বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

তবে দুরুল হোদার পরিবারের দাবি, উভয় পক্ষের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও জালাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তাদের কোনো সম্পর্ক নেই। জড়িত সন্দেহ করে এই বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা দুই পক্ষের পূর্ব বিরোধের জেরেই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।