চট্টগ্রাম: জেলার জঙ্গল সলিমপুরে চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল এ অভিযান চালায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন। তাদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জেলা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন গ্রেফতার আব্দুর শুক্কুর। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনা-বেচা এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশের দাবি। মেহেদী হোসেন ও সাকিবুল হাসান আপন দুই ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন বলে জানিয়েছে পুলিশ। আনোয়ারও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে পারভেজকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এ নেটওয়ার্ক অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাত। ফেসবুক পেজ ও ভুয়া আইডির মাধ্যমে পুলিশ, বিজিবি ও এসআরবির অভিযান এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হতো। পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে পুলিশ।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৮টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট আইডি-পেজ, যোগাযোগ, অর্থায়ন এবং প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মোবাইল ফোন ও ডিজিটাল আলামত পর্যালোচনা করে এরই মধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। এগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে অনুসন্ধান চলছে। অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তৎপরতা, ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের লক্ষ্য। এ জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি আইনানুগ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জেলা পুলিশ।