ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ যাচাইবিহীন, অতিরঞ্জিত ও আতঙ্ক সৃষ্টিকারীভাবে প্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার সংবাদ টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব ঘটনা সম্পর্কে জনগণকে অবহিত করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও কিছু ক্ষেত্রে যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য এবং উত্তেজনাপূর্ণ উপস্থাপনা জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
আইনি নোটিশে আরও বলা হয়, একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়াতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিকসহ সাধারণ নাগরিকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কার্যকলাপ এমনভাবে প্রচার করা উচিত নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার, প্রত্যক্ষ উসকানি কিংবা যাচাইবিহীন হুমকির অপ্রয়োজনীয় বিস্তার ঘটে।
তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার অক্ষুণ্ন রাখার বিষয়টিও নোটিশে গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, অপরাধ কিংবা জননিরাপত্তাসংক্রান্ত প্রকৃত ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ বন্ধ করা এই নোটিশের উদ্দেশ্য নয়। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী এবং সহিংসতায় সরাসরি উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগকৃত সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচারের ক্ষেত্রে যাচাইবিহীন, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর উপস্থাপনা পরিহারে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারি করা।
পাশাপাশি টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। সহিংস ঘটনার ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম ও একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনা নিশ্চিত করতে পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এসব বিষয়ে আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত পদক্ষেপ সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।