Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ

উজ্জল জিসান, স্পেশাল করেসপন্ডেন্ট (তুরস্কের আনাতোলিয়া থেকে)
১৮ নভেম্বর ২০২৬ ২১:২৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ২১:২৮

-ছবি : সারাবাংলা

তুরস্ক: জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে জ্বালানি আমদানিতে ব্যয় বাড়ছে, চাপে পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানিনির্ভরতা না কমালে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব থেকে মুক্তি পাওয়া কঠিন। এ জন্য দেশীয় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জলবায়ু আন্দোলনকর্মী ও জ্বালানি বিশেষজ্ঞরা।

‘এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন ভাবনা: ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ ফর এনডিসি। এতে সহযোগিতা করে ফ্রেন্ডস অব দ্য আর্থ এশিয়া প্যাসিফিক।

<span;>সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের নিজস্ব গ্যাসের সরবরাহ কমে আসায় এলএনজি, তেল ও কয়লা আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায়। একই সঙ্গে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

<span;>আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে সমস্যায় পড়েছিল বাংলাদেশ। ওই বছরের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছিল।

আইইএর ২০২৬ সালের বিদ্যুৎ খাতবিষয়ক মূল্যায়নেও আন্তর্জাতিক বাজারে এলএনজির দামের ওঠানামায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে।

জ্বালানি আমদানির কারণে অর্থনীতিতে চাপের বিষয়টি উঠে এসেছে আমদানি ব্যয়ের হিসাবেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট আমদানি ব্যয় হয়েছে ৬ হাজার ১৬২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ৫ দশমিক ৯২ শতাংশ বেশি। জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে বাড়তি ব্যয়ও এ চাপের অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস অব দ্য আর্থ জাপানের আয়ুমি ফুকাকুসা বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন সাধারণ মানুষের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থের দিক থেকে বেশি বিবেচনা করা হচ্ছে। নীতিনির্ধারণে জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থও প্রভাব ফেলছে।

তিনি বলেন, হরমুজ প্রণালির সংকটসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা দেখিয়ে দিয়েছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। জীবাশ্ম জ্বালানির প্রকৃত খরচ এবং এ খাতে সরকারের দেওয়া ভর্তুকির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

জাপান বিদেশে এলএনজি প্রকল্পে যে সহায়তা দিয়ে যাচ্ছে, তার সমালোচনা করেন আয়ুমি ফুকাকুসা। তিনি বলেন, এশিয়া জিরো এমিশন কমিউনিটি বা এজেডেকের মতো উদ্যোগ এশিয়ার বিভিন্ন দেশে তেল ও গ্যাসের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এ অঞ্চলে জীবাশ্ম জ্বালানির অবকাঠামো সম্প্রসারণে জাপানের নিজস্ব স্বার্থের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

থাইল্যান্ডের সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচের এক প্রতিনিধি বলেন, দেশটির প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম গ্যাস থেকে উৎপাদিত হয়। এ অবস্থায় জ্বালানি নিরাপত্তা বলতে আসলে কী বোঝায়, সেই প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল হলে জ্বালানির দাম বাড়ার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়ে। সরকার চাইলেও সব সময় এ ধরনের চাপ থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে না।

এ জন্য প্রচলিত জ্বালানি নিরাপত্তার ধারণা থেকে বেরিয়ে ‘জ্বালানি সার্বভৌমত্বের’ দিকে যাওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা গড়ে তুললে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের জ্বালানির উৎস ও ব্যবহার সম্পর্কে বেশি নিয়ন্ত্রণ পাবে।

ইন্দোনেশিয়ার পরিবেশবাদী সংগঠন ওয়ালহির (ডব্লিউএএলএইচআই) উলি আরতা সিয়াগিয়ান বলেন, জ্বালানিকে শুধু অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সম্পদ হিসেবে দেখলে চলবে না। এটি জনগোষ্ঠীর অধিকার হিসেবেও স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার কথা বলে ইন্দোনেশিয়ায় নতুন কয়লা, গ্যাস ও ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প নেওয়া হচ্ছে। ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হলে নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। একই সঙ্গে জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ (জেইটিপি), জীবাশ্ম জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে।

ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভের হারজিত সিং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কপ৩১-এ আলোচনাধীন খসড়া সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে টিএএফএফের উল্লেখ থাকাকে তিনি স্বাগত জানান। তবে শুধু উল্লেখ করলেই হবে না। এ উদ্যোগ বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা, কার্যকর পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, খসড়া সিদ্ধান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সীমারেখা অতিক্রম করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য আরও বিস্তৃত ও বাধ্যতামূলক আন্তর্জাতিক অঙ্গীকার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এত দিন জ্বালানি নিরাপত্তা বলতে মূলত বিদেশ থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ নিশ্চিত করাকেই বোঝানো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক সংঘাত দেখিয়েছে, আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতাই অনেক সময় জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে নিজস্ব নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন তাঁরা। বিশেষ করে সৌরবিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা এবং আধুনিক বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বাধা দূর করা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর