Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে হট্টগোল, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ২১:১০

ডেপুটি স্পিকার কায়সার কামাল – ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব চলাকালে হট্টগোল, কথা বলা এবং উচ্চস্বরে আলোচনার কারণে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে বেশ কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে সভাপতিত্ব করার সময় এই সতর্কবার্তা দেন তিনি। এ সময় তিনি কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানকে নিয়ম মেনে নিজের আসনে বসার অনুরোধ জানান এবং সংসদের পবিত্রতা রক্ষার্থে অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আচরণ করার আহ্বান জানান।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবারের বৈঠকে রংপুরে বাইপাস সড়ক নির্মাণ সংক্রান্ত রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর প্রধানমন্ত্রী বিদেশে কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সংক্রান্ত আগের একটি সম্পূরক প্রশ্নের জবাবে ফিরে যান, যা করেছিলেন ময়মনসিংহের সংসদ সদস্য কামরুল হাসান। প্রধানমন্ত্রী তখন সংসদকে জানান যে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর মোট খরচ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার মোটামুটি নিশ্চিত করতে পেরেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই সীমার মধ্যে খরচ রাখার প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করার আগ্রহ প্রকাশ করেন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী সংসদ সদস্যরা হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করলেও তিনি দুইবার দাঁড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার তাকে অত্যন্ত বিনীতভাবে নিজের আসনে বসার অনুরোধ জানিয়ে বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।”

এরপর ব্রিটিশ পার্লামেন্টের গণতান্ত্রিক ঐতিহ্য ও সংসদীয় শিষ্টাচারের উদাহরণ টেনে প্রশ্নোত্তর পর্বের সর্বোচ্চ গুরুত্ব ও গাম্ভীর্য তুলে ধরেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় সামনের সারিতে বসা সংসদ সদস্যদের উদ্দেশে কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সামনের তৃতীয় সারিতে বসা দুই-তিনজন সদস্যের গলার আওয়াজ ও উচ্চস্বরে আলোচনা তার আসন পর্যন্ত চলে আসছে। তাই সংসদের শৃঙ্খলা বজায় রাখতে সহকর্মীদের প্রতি এবং নিজেদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তিনি সবার প্রতি জোর আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো