Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ২০:৫৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ২০:৫৫

-জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর নির্বাচিত সরকার এখন জনগণের অর্থনৈতিক অধিকার ও অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় বরং খেটে খাওয়া মানুষসহ সব শ্রেণি-পেশার নাগরিক অর্থনীতির সুফল ভোগ করতে পারেন।

বিজ্ঞাপন

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার মতো কর্মসূচির মাধ্যমে সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক মাসে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিককে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে সরকার এবং আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ কর্মী পাঠানোর আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের বন্ধ থাকা কলকারখানাগুলোর মধ্যে অনেকগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনা রয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ওই যুদ্ধের কোনো পক্ষ না হলেও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি এবং বিশেষ করে জ্বালানি সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে জনগণের ভোগান্তি কমানো এবং ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে এ পর্যন্ত ৫০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে তিনি সংসদকে জানান।

দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের অগ্রগতি তুলে ধরে সংসদ নেতা জানান, বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে, তবে কোনো চূড়ান্ত চুক্তি এখনো সম্পাদিত হয়নি এবং আগামী অধিবেশনে এসব সমঝোতা স্মারক সংসদে উপস্থাপন করা হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসি থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। এছাড়া চীন, তুরস্ক ও জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশে বড় বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিত্যপণ্যের বর্তমান বাজার পরিস্থিতি ও মূল্যহ্রাসের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি চাল, ডাল ও তেলসহ প্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ও কর কমানো হয়েছে। সংসদে দেওয়া তাঁর তথ্য অনুযায়ী, আগের সরকারের সময় প্রতি কেজি আলুর দাম ছিল ৭০ টাকা, যা বর্তমানে কমে ২০ টাকায় নেমে এসেছে। এছাড়া পেঁয়াজের দাম ১৫০ টাকা থেকে কমে ৪০ থেকে ৪২ টাকা, মোটা চালের দাম ৬৫ টাকা থেকে কমে ৫৫ টাকা, মিনিকেট চালের দাম ৮৫ টাকা থেকে কমে ৭০ টাকা এবং ডিমের ডজন ১৮০ টাকা থেকে কমে বর্তমানে ১২০ টাকা হয়েছে বলে তিনি জানান। এর পাশাপাশি মরিচের দামও আগের তুলনায় কমেছে।

আসন্ন রমজানকে সামনে রেখে নেওয়া বিশেষ পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে, যার ফলে আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। এর পাশাপাশি রমজান উপলক্ষে খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে এবং আপেল ও মাল্টার ওপর শুল্ক ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানে সাধারণ মানুষ যেন তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেই লক্ষ্যেই সরকার এসব উদ্যোগ বাস্তবায়ন করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর