Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ বিষদাঁত ভেঙে দেবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ০০:২২

সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যেকোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চলমান চক্রান্ত রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এই সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতান্ত্রিক জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাক খাতের অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে আর কেউ কখনোই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে না।’ তিনি উল্লেখ করেন, গণতন্ত্র এবং সমৃদ্ধি একে অপরের পরিপূরক; গণতন্ত্র সমৃদ্ধির পথকে প্রশস্ত করে আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

পলাতক ফ্যাসিস্ট চক্রের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড এবং প্রবাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করে সংসদ নেতা বলেন, ‘এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক না কেন, তাদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী।’ এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে তিনি মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।’ যারা এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব আজ জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে সংসদ নেতা বলেন, ‘জনগণের নির্বাচিত এই সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সরকার পর্যায়ক্রমে সমাধানের পদক্ষেপ নিচ্ছে।’

সংসদে বিরোধীদলীয় একজন সদস্যের বক্তব্যের সূত্র ধরে তিনি উল্লেখ করেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা বিরোধী দলীয় বন্ধুর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, যা প্রমাণ করে এই সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর