ঢাকা: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। হামলায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী।
নিহতরা হলেন— কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।
এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি শোভাযাত্রা বের করে। এটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ওসি মো. ইদ্রিস আলী বলেন, ‘আজ রাতে বিএনপির নেতাকর্মীরা ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলের শোভাযাত্রা বের করে। এ সময় অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন।’
তিনি বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’