ঢাকা: নির্বাচনের আগে সবাই একই কাতারে থাকলেও বর্তমানে সরকার ও বিরোধী দলের মধ্যে ফাটল ধরেছে এবং ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি দেশের বৃহত্তর স্বার্থে পুনরায় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্যের জায়গায় ফিরে আসার জন্য সরকার ও সব রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যার একটি বাস্তবায়িত হলেও অন্যটি এখনো বাস্তবায়িত হয়নি।’ ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকেই তিনি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। নির্বাচনের আগ পর্যন্ত সবাই একই কাতারে, একই লাইনে এবং একই দর্শনে ছিলেন স্মরণ করিয়ে দিয়ে তিনি দেশের বৃহত্তর স্বার্থে আবারও সেই ঐক্যবদ্ধ অবস্থানে ফিরে আসার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক গণতান্ত্রিক বিষয়। তাই যেকোনো সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় সুবিধার কথা চিন্তা করে নয়, বরং সম্পূর্ণ জাতির স্বার্থে গ্রহণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহিদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহিদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় এবং জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে হবে।’ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী এই ঐক্য পুনরায় শক্তিশালী হলে দেশে চলমান নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও সার্বভৌমত্বের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করেন যে, দেশের মানুষ আবারও আধিপত্যবাদের কালো ছায়া অনুভব করছে। এ বিষয়ে সরকারকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশে আধিপত্যবাদ পুনরায় ফিরে আসুক তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের নীতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাংলাদেশ আন্তরিক বন্ধু ও উন্নয়ন সহযোগী চায়, তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে, যেখানে অন্য দেশের মর্যাদার পাশাপাশি বাংলাদেশের মর্যাদাও সমান তালে চলবে।’