Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের শ্রমিক অসন্তোষ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ২১:৪৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদন খরচ কম হওয়ায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের খুচরা বিক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এ দেশকে উৎপাদনকেন্দ্র হিসেবে বেছে নেয়। তবে কম উৎপাদন খরচের সঙ্গে শ্রমিকদের কম মজুরির বিষয়টিও জড়িত।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক কান্ট্রি লেকচারে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক এ আয়োজনে বিশিষ্ট আলোচক হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

বিজ্ঞাপন

বাংলাদেশে শ্রমিক অসন্তোষের বিষয়ে এক প্রশ্নের উত্তরে জার্মান রাষ্ট্রদূত বলেন, এটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি বিষয়। বাংলাদেশে ন্যূনতম মজুরি ব্যবস্থা রয়েছে বলে তিনি জানেন। তবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বাড়ানোর বিষয়টি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান ন্যূনতম মজুরিও পরিশোধ করে না বলে তিনি অবগত রয়েছেন। এ কারণে শ্রম অধিকার নিশ্চিত করা এবং যথাযথ নিয়মকানুন বাস্তবায়নের ক্ষেত্রে আরও জোর দেওয়া প্রয়োজন।

শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর দায়িত্বের বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে যথাযথ আইনকানুন এবং কার্যকর তদারকি ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উৎপাদিত পণ্যের মান নয়, পণ্য উৎপাদনের প্রক্রিয়া এবং শ্রমিকদের কর্মপরিবেশের বিষয়েও বিশ্বব্যাপী ক্রেতাদের নজর বাড়ছে।

তিনি আরও বলেন, শ্রম পরিস্থিতি এবং সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ড উপেক্ষা করে সস্তায় পণ্য উৎপাদন বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্যও বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। তাই বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির। আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর