Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মনে প্রশান্তি আনে যেসব জিকির

সারাবাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১৭:৪১

প্রতিদিনের দৌড়ঝাঁপ, কাজের চাপ আর হাজারো ব্যস্ততার মাঝে মানুষ অনেক সময় নিজের ভেতরের প্রশান্তি হারিয়ে ফেলে। অস্থিরতা ও ক্লান্তির সেই মুহূর্তগুলোতে আল্লাহর স্মরণ বান্দার মনে এক গভীর স্থিরতা ও স্বস্তি এনে দেয়। জিকির শুধু ঠোঁটের উচ্চারণ নয়, বরং এটি হৃদয়কে জীবন্ত রাখার এবং স্রষ্টার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার এক অনন্য মাধ্যম।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের অধিক পরিমাণে জিকির করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আর সকাল-সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।’ (সুরা আহজাব: ৪১-৪২)

বিজ্ঞাপন

নিয়মিত জিকিরের চর্চা যেমন গুনাহ মাফের পথ খুলে দেয়, তেমনি আমলনামাকেও সমৃদ্ধ করে তোলে। এর জন্য আলাদা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না; চলতে-ফিরতে, কাজের ফাঁকে বা দিনের নির্দিষ্ট সময়ে খুব সহজেই কয়েকটি আমল অভ্যাসে পরিণত করা যায়।

আসুন জেনে নেই, প্রতিদিনের জীবনে চর্চা করার মতো তেমনই কিছু গুরুত্বপূর্ণ জিকির ও দোয়া…

প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করা

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ অর্থ, আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও ক্ষমা করে দেওয়া হবে। (সহিহ বুখারি: ৬৪০৫)

নিয়মিত ইস্তেগফার করা

ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিদিন ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠের অভ্যাস গড়ে তোলা উচিত। রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করতেন। (সহিহ মুসলিম: ২৭০২)

ফরজ নামাজের পর তাসবিহ পড়া

প্রতিটি ফরজ নামাজের পর তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়বেন। এরপর বলবেন:

‘আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।’

এরপর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়বেন। সবশেষে ১০০ পূর্ণ করতে পড়বেন:

‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

এই আমলের মাধ্যমে গুনাহ ক্ষমা হওয়ার সুসংবাদ এসেছে। (সহিহ মুসলিম: ৫৯১, ৫৯৭)

আল্লাহর কাছে প্রিয় চারটি জিকির

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি বাক্য হলো…

সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার
এগুলো যেকোনো সময় পাঠ করা যায়। (সহিহ মুসলিম: ২১৩৭)

বেশি বেশি দরুদ পড়া

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও।’ (সুরা আহজাব: ৫৬)

সংক্ষিপ্ত দরুদ হিসেবে পড়তে পারেন: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম।’

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করবেন। (সহিহ মুসলিম: ৪০৮)

‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পাঠ করা

এই জিকিরের অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ জান্নাতের গুপ্তধনগুলোর একটি। (সহিহ বুখারি: ৬৩৮৪; সহিহ মুসলিম: ২৭০৪)

সকাল-সন্ধ্যায় তিন কুল পড়া

সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাসকে একসঙ্গে ‘তিন কুল’ বলা হয়। সকাল ও সন্ধ্যায় প্রতিটি সুরা তিনবার করে পড়ার কথা হাদিসে এসেছে। (সুনানে আবু দাউদ: ৫০৮২; জামে তিরমিজি: ৩৫৭৫)

দৈনন্দিন কাজের দোয়া

প্রতিদিনের বিভিন্ন কাজের শুরু ও শেষে মাসনুন দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। যেমন…

ঘুমানোর আগে: ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’

ঘুম থেকে ওঠার পর: ‘আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’

খাবার শুরু করার আগে: ‘বিসমিল্লাহ।’

বাড়ি থেকে বের হওয়ার সময়: ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

ঘুমানোর আগে তিন কুল: দুই হাতের তালু একত্র করে তাতে হালকা ফুঁ দিয়ে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়বেন। এরপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নেবেন। এভাবে তিনবার করবেন। (সহিহ বুখারি: ৫০১৭)

বড় কোনো পরিবর্তনের চেয়ে ছোট ছোট আমলে অবিচল থাকাই বেশি ফলপ্রসূ। আজ থেকেই অন্তত একটি বা দুটি জিকির দিয়ে শুরু করলে তা ধীরে ধীরে জীবনের সুন্দর অভ্যাসে পরিণত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

মনে প্রশান্তি আনে যেসব জিকির
১৯ নভেম্বর ২০২৬ ১৭:৪১

ছবির গল্প হাটে-মাঠে শীতের সবজি
১৯ নভেম্বর ২০২৬ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর