ইবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জনগণ এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন তিনি।
সভাপতি বলেন, বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আর এর দায়দায়িত্ব তো প্রধানমন্ত্রীর আছে সর্বপ্রথম আর স্বরাষ্ট্রমন্ত্রীরও আছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, নিজের মন্ত্রণালয়ের এত অব্যবস্থাপনা এবং দেশে অরাজক পরিস্থিতির ক্ষেত্রে তার ভূমিকা একেবারেই নগণ্য এবং তুচ্ছ পর্যায়ে আমরা লক্ষ্য করছি। সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য একজন মন্ত্রীকে এখানে যদি না বসায়, এর দায় দায়িত্ব এবং সামনে যে পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এর সম্পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আওয়ামী লীগ যে ভ্যান্ডালিজম করছে, যে অপকর্মগুলো করছে, অগ্নি সন্ত্রাস করছে সেগুলো করার একমাত্র সাহস পাচ্ছে জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়ার কারণে। গণহত্যার বিচারে গড়িমসি করার কারণে, আইসিটি ট্রাইব্যুনাল যেটা সেখান থেকে প্রধান প্রসিকিউটরকে বাদ দিয়ে দেওয়ার ফলে এগুলোর কার্যক্রমে স্তিমিত মানে অনেক স্থবিরতা চলে আসছে।
সামগ্রিকভাবে সরকারের সদিচ্ছার অভাব এবং আওয়ামী লীগের সাথে বিএনপির যে ধরনের একটা আঁতাতের মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসছে তারই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করছে। প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে না, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখানে রয়ে গেছে। যার ফলশ্রুতিতে টোটাল কাঠামোটা এখন করাপ্টেড অবস্থায় আছে। এই কাঠামোর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমরা স্ট্রাকচারাল ওয়েতে আমাদের প্রতিবাদগুলো জানানোর চেষ্টা করছি। যদি তাতে না হয়, তাহলে আমরা যে আন্দোলন করলে সরকারকে জনগণের এই রায় মানাতে বাধ্য করা দরকার, আমরা সেই কর্মসূচির দিকে ধারাবাহিকভাবে যাব ইনশাআল্লাহ।
নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, কলা অনুষদেন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কুরআন, চাবির রিং, ‘তওবার অন্তরায়’ বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগো সম্বলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।