Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না, প্রস্তুতি নিচ্ছি: জামায়াত সেক্রেটারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা ও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদকে আর কখনোই মাঠে দাঁড়াতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন এবং লিখিত বক্তব্য তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনমনে উদ্বেগ তৈরি করেছে, গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা। তিনি অভিযোগ করেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিজ্ঞাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার চিত্র তুলে ধরে জামায়াত সেক্রেটারি বলেন, তৈরি পোশাকশিল্পে মালিক-শ্রমিক টানাপোড়েনের পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন স্থানে সন্ত্রাস, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোপালগঞ্জ ছাড়াও দেশের প্রায় ২২টি জেলায় সংঘাত এবং সংসদ সদস্য ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। তিনি প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের চিহ্নিত করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করেন, গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়; বরং জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। আবু সাঈদ, মুগ্ধসহ ছাত্র-জনতা হত্যার স্মৃতি মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের পুনর্বাসন জনগণ মেনে নেবে না।

এ সময় ১১ দলীয় জোটের বিষয়ে তিনি জানান, প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করলেও জামায়াত দলীয়ভাবেই মাঠে থাকবে এবং জুলাই গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত একই মঞ্চে যাওয়ার সুযোগ নেই।

ঘোষিত ৪০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ, বিভিন্ন দিবস পালন, পেশাজীবী সম্মেলন ও সামাজিক কার্যক্রম। কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং ২৫ নভেম্বর ঢাকাসহ ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল করবে দলটি। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হবে। একই দাবিতে ২৬ নভেম্বর সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের সঙ্গে সংহতি দিবস, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট সমাধান, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা হবে। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৫ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র‌্যালি বের করা হবে। পরবর্তী সময়ে ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা হবে। সবশেষে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন এবং সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এনএল
বিজ্ঞাপন

আমাজন: সবুজ মহাসাগরের ভয়
১৯ নভেম্বর ২০২৬ ১৮:২৯

সৈয়দ মীর নিসার আলী তিতুমীর
১৯ নভেম্বর ২০২৬ ১৮:১৭

আরো

সম্পর্কিত খবর