রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কার্যালয়ের বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়।
তবে দ্রুত সময়ের মধ্যে নাইট গার্ডের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ঘটনার পর দিনভর বিষয়টি প্রকাশ্যে না এলেও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যাংক কার্যালয়ের বারান্দার ভেতরে মেঝেতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখা বারান্দার বাইরের অংশেও ছড়িয়ে পড়তে দেখা যায়।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কে বা কারা কার্যালয়ের সামনে শুকনো কাগজে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নাইটগার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি কার্যালয়ের বারান্দার বাইরে লোহার কেঁচি গেটের সামনে ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সতর্ক থাকার পাশাপাশি আপাতত কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার শাখার কার্যক্রম স্বাভাবিক ছিল।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগার বিষয়ে তাদের কিছু জানা নেই। এ বিষয়ে কেউ তাদের কোনো তথ্য জানাননি।’
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।