Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদে হুতিদের হামলা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬ ১০:৫৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১০:৫৯

গত মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হুতিদের হামলার দৃশ্য। রয়টার্স

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুতিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর, এই নিয়ে টানা দ্বিতীয় রাতের মতো উপসাগরীয় দেশটি হামলার শিকার হলো।

শুক্রবার (২০ নভেম্বর) আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের বাহিনী হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোনকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করেছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স শুক্রবার জানিয়েছে, রিয়াদে হুতিদের চালানো হামলায় দেশটির সবচেয়ে উঁচু ভবনটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ভবনটিতেই সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল (সোভেরেইন ওয়েলথ ফান্ড) অবস্থিত।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ভবনটিকে ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ) টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে। যা সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দফতরর এবং রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। তবে সৌদি রাজধানীর আর্থিক এলাকায় চালানো এই হামলায় কেউ হতাহত হয়নি।

সংস্থাটি জানিয়েছে, হামলায় টাওয়ারটি এবং এর কাছাকাছি থাকা অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল যে, রাজধানী রিয়াদে বিকট শব্দ শোনার পর তারা রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি ‘এক্স’ -এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স এক্স -এ একটি পোস্ট দিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আভা এবং নিকটবর্তী খামিস মুশাইত গভর্নরেটে দুটি আগাম সতর্কবার্তা জারি করেছিল। তবে দ্রুতই তা প্রত্যাহার করে নেয়।

এই দুটি সতর্কবার্তাই ছিল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ও তৃতীয় সতর্কবার্তা।

হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই দিনে ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলায় ১০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীর পাল্টাপাল্টি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রিয়াদে হুতিদের হামলা জোরদার
২০ নভেম্বর ২০২৬ ১০:৫৮

আরো

সম্পর্কিত খবর