পাবনা: কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন আরও একটি চালান। এই দফায় এখন পর্যন্ত মোট ৭টি চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী সপ্তম চালানের গাড়িবহর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরী প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও কয়েকটি জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
নিরাপত্তার বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সড়কপথে ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলা গুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ইউরেনিয়ামবাহী গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
উল্লেখ্য যে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক ভাবে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।