Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক জাককানইবির জিহাদ

জাককানইবি করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ১২:১৯

তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ

জাককানইবি: আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের বিশেষ পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংকটা দুলছে’ (The Blind Girl and an Elephant) এর জন্য তিনি ‘বেল্ট অ্যান্ড রোড জুরি স্পেশাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর’ পুরস্কার পেয়েছেন।

ইশতিয়াক আহমেদ জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী। চলচ্চিত্রটির চিত্রগ্রাহকও একই বিভাগের শিক্ষার্থী।

গত ৯ থেকে ১৫ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠিত হয় ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ নভেম্বর উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘সংকটা দুলছে’ উৎসবের ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক বিধিনিষেধের চিত্র তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির ভাবনা ও নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ বলেন, ‘গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের এবং চলচ্চিত্রে প্রতিফলিত মানুষের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’

বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মান প্রযোজনা প্রতিষ্ঠান মোগাডার ফিল্ম। সিনেমাটির প্রযোজনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। সহপ্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে।

চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, ‘আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার বিষয়টি আমাদের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার স্বীকৃতি। চলচ্চিত্রটির নির্মাণযাত্রা ছিল দীর্ঘ ও নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। সীমিত অর্থায়ন ও সম্পদ নিয়ে একদল তরুণ ও নিবেদিতপ্রাণ চলচ্চিত্রকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের সম্ভাবনা ও শক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠবে।’

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

এর আগে চলতি বছর ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে ‘সংকটা দুলছে’। এরপর চলচ্চিত্রটি অংশ নেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং অর্জন করে তিনটি পুরস্কার।

ডাবলিন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের বিশেষ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব আরও সমৃদ্ধ করলেন ইশতিয়াক আহমেদ জিহাদ। অভিষেক চলচ্চিত্রেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি তার নির্মাণযাত্রায় গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।