ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো আগস্ট মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও মার্কিন সরঞ্জাম রয়েছে এমন স্থাপনাগুলোতে ১১৫টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গত ৩১ অক্টোবর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
স্যাটেলাইট চিত্র ব্যবহার করে করা এই বিশ্লেষণে দেখা গেছে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি ঘাঁটিতে ইরানের হামলার ক্ষেত্রে বিমান ও ভবনগুলোকে লক্ষ্যবস্তু করার আগে মূলত আগাম সতর্কীকরণ ব্যবস্থাগুলোকে নিশানা করা হয়েছিল।
এতে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে অন্তত ৩০ বার আঘাত হানা হয়েছে। এই ঘাঁটিতে অন্তত ১৫টি বিমান হ্যাঙ্গার, অসংখ্য গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরানের এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধুমাত্র স্যাটেলাইট চিত্র ব্যবহার করে যাচাই নয় এপি এমন চারজন আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, যারা কী কী আক্রান্ত হয়েছে সে বিষয়ে জানতেন অথবা এ সম্পর্কে সরাসরি জানেন।
এপির অনুসন্ধানে জানা গেছে, ইরান শুরুতে তাদের আক্রমণগুলো বিমানের হ্যাঙ্গার এবং আগত হামলা শনাক্তকারী ব্যবস্থার ওপর করেছিল, যার ফলে পরবর্তীতে গুদাম, সৈন্যদের আবাস এবং অন্যান্য স্থাপনার ওপর হামলা চালানো সহজ হয়ে যায়।
এই ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানের রূপরেখাকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে। আঞ্চলিক দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে তাদের অনেক সম্পদ সরিয়ে নিয়েছে। ওই কর্মকর্তাদের একজন জানান, এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ঘাঁটির কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য সরঞ্জাম।
এই ক্ষয়ক্ষতির প্রভাব ওই অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলার কথা বিবেচনা করছেন, অন্যদিকে তেহরান বড় ধরনের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সংঘাত পুনরায় শুরু হলে মার্কিন ঘাঁটিগুলোর আরও ব্যাপক ও ব্যয়বহুল ক্ষয়ক্ষতি হতে পারে। এর ফলে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র আদৌ ওই অঞ্চলে তাদের ঘাঁটি ও সরঞ্জামগুলো পুনর্নির্মাণ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়বে।
এপির বিশ্লেষণে ইরানের প্রতিশোধমূলক কৌশল এবং আট মাস ধরে চলা যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলোর ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলসহ বিভিন্ন স্বাধীন পর্যালোচনায় যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তার চেয়েও বিস্তারিত চিত্র এখানে পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা গেছে, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোতে শত শত ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এটাই এখন পর্যন্ত পাওয়া একমাত্র সামগ্রিক চিত্র। কারণ, ট্রাম্প প্রশাসন ও মার্কিন সামরিক বাহিনী সংঘাতের ফলে মানুষ ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়ে খুব সামান্য তথ্যই দিয়েছে। এমনকি বাইরের কোনো পর্যালোচনা যাতে না হতে পারে, সেজন্য তারা স্যাটেলাইট ছবি প্রকাশের ক্ষেত্রে দেরি করার মতো নানা বাধা সৃষ্টি করেছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ‘ইউএস সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) ঘাঁটি বা সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে বা সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা সাধারণত ‘অপারেশনাল নিরাপত্তা’ বা সামরিক গোপনীয়তার দোহাই দিয়ে থাকে। এই প্রতিবেদনের জন্য যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।
মার্কিন ঘাঁটিগুলোকে কিভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, ইরানের বেশিরভাগ হামলা কুয়েতে হয়েছে। এছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে কুয়েতে। ১ মার্চ পোর্ট শুয়াইবাতে ড্রোন হামলায় ছয়জন সেনা নিহত হন।
কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫টি এয়ারক্রাফট হ্যাঙ্গার (বিমান রাখার শেড), বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
কুয়েতেই অবস্থিত ক্যাম্প বিউরিং আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সেখানে ইরানের হামলায় বেশিরভাগ হ্যাঙ্গার অকেজো হয়ে পড়েছে। তবে ঘাঁটিতে বিমানের সংখ্যা কম থাকায়, সেনাদের একত্রিত হওয়ার স্থানগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্চ মাসে সেখানকার জিমনেসিয়াম ধ্বংস হয়ে যায় এবং জুলাইয়ের শেষ দিকে সেনাদের কেনাকাটার একটি দোকানও হামলার শিকার হয়।
আঞ্চলিক পর্যায়ের দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী, একটি হামলায় সেখানকার গ্যারেজ ও ডাইনিং রুমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটির ক্ষয়ক্ষতি সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য তারা এবং আরও দুজন আঞ্চলিক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপি’র সঙ্গে কথা বলেছেন।
র্যান্ড স্কুল অব পাবলিক পলিসির ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক রাফায়েল কোহেন বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা অনেক বেশি তীব্র হলেও, মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি ছিল অনিবার্য। তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধপদ্ধতির কারণে সব দেশের সামরিক বাহিনীই এখন ‘বড় আকারের, অথচ সস্তা ড্রোন হামলার’ ঝুঁকিতে রয়েছে।