ঢাকা: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও অস্থিরতার মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কর্মকর্তারা গোপালগঞ্জে পৌঁছান।
জানা গেছে, সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালায়। পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারও ভাঙচুর করা হয়।
এছাড়া টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে প্রথমে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর গত ১৭ নভেম্বর টুংগীপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় থানার অস্ত্র লুটপাটের অভিযোগ ওঠে। পরে গত ১৯ নভেম্বর দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সময়ে তারা জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।