সিলেট: নগরের দাড়িয়াপাড়ায় ভোররাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন ভোররাতে চার-পাঁচ জনের একটি দল পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তবে পুলিশ বলছে, এটি পেট্রোল বোমা নয়, বাসার গেটের বাইরে রাস্তায় পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও এই বাসায় থাকেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।’
ঘটনার খবর শুনে দাড়িয়াপাড়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় তিনি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। বাসার সামনে দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।’
তিনি বলেন, ‘এরা ছিঁচকে চোরের মতো এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।