ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে রাজনীতির প্রকৃত শক্তি সাধারণ মানুষের সমর্থন, বিশ্বাস ও গণতান্ত্রিক ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, গণমানুষের নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনটি ব্যক্তিগত পর্যায় ছাপিয়ে বিশেষ জাতীয় তাৎপর্য বহন করে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মর্যাদা এবং জনগণের অধিকার ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে আবর্তিত। এক ঐতিহাসিক মুহূর্তে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে মানুষের যে অভূতপূর্ব সমাগম ও আবেগ দেখা গিয়েছিল, নির্বাচনে তার নেতৃত্বে ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি-পেশার মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রীর জীবনযাপন ও রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে মুখপাত্র লেখেন, অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তারেক রহমান অত্যন্ত সাধারণ ও মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তার চলাফেরায় প্রচলিত ভিভিআইপি সংস্কৃতির কোনো আড়ম্বর নেই। ক্ষমতার বেষ্টনী ভেঙে তিনি বারবার তৃণমূলে ছুটে যান এবং প্রান্তিক মানুষের কথা শোনেন। কারণ তার রাজনীতির মূল দর্শন হলো রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ, আর ‘সবার আগে বাংলাদেশ’ নিশ্চিত করাই তার রাজনীতির মৌলিক লক্ষ্য।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, ২০১১ সাল থেকে দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। দীর্ঘ এই সময়ে অনিঃশেষ অপপ্রচার, ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও দেশের প্রতি তার অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং অবিচল মনোবল তিনি খুব কাছ থেকে দেখেছেন। তার এই নিষ্ঠা ও কর্মযজ্ঞ সহকর্মীদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে পোস্টে আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপির প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের যে গৌরবময় অধ্যায় রয়েছে, তারেক রহমান আজ সেই ঐতিহ্যকে ধারণ করে বহুমাত্রিক দায়িত্ব পালন করছেন। প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ বিনির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এখন তার মূল ব্রত।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রজ্ঞা কামনা করে মাহদী আমিন লেখেন, তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, সমৃদ্ধি ও স্বনির্ভরতার এক নতুন দিগন্তে এগিয়ে যাবে এবং যেকোনো ঘাত-প্রতিঘাত ও সম্ভাবনার বাঁকে তারা প্রধানমন্ত্রীর পাশে থাকবেন।