ঢাকা: প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যাতে দেশের মানুষের জীবনমান ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ঢাকা কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।’
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। সে সময় তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন ছাত্ররাজনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করলেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা চালিয়ে গেছেন।
ঢাকা কলেজের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, তাদের সময়ে কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় দুই হাজার থাকলেও বর্তমানে তা বেড়ে অন্তত ১৭ হাজারে দাঁড়িয়েছে। শিক্ষার্থী বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়লেও কলেজে পর্যাপ্ত আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই।
শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে এবং শিক্ষার মানে শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনতে দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে।’
দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘গ্রাম ও বিভিন্ন এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ভালো হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক বা শিক্ষার্থী নেই।’
এসময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটুকু ইতিবাচক অবদান রাখছে, তা পর্যালোচনার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও এআই-এর ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত শিক্ষা কমিশনের প্রতিবেদনটি খুঁজে দেখার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং সে সময়ের নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার উদ্যোগের কথাও স্মরণ করেন।
শিক্ষকদের দায়িত্ব ও দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষকদের কাজ কেবল পাঠদানে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধির চর্চা ও গবেষণামনস্কতা তৈরিতে কাজ করতে হবে।’
ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত দেশের গণতান্ত্রিক সংগ্রামে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি শিক্ষিত ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।’
তবে স্বাধীনতার এত বছর পরও আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।’
পরিশেষে, শিক্ষামন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বাজেটের অভাব নেই উল্লেখ করে ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।