Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘূর্ণিঝড়ের শঙ্কায় গাইবান্ধার আমনচাষিরা, পাকা ধান ঘরে তোলার তাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১০:০১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১০:০৮

গাইবান্ধা: মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি, কোথাও চলছে ধান ঘরে তোলার কাজ। এমন সময়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার কৃষকেরা। বিশেষ করে জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আমনচাষিদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে মাঠের পাকা ধান হেলে পড়লে কিংবা জমিতে পানি জমলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে সারাদিন গাইবান্ধার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা মেলেনি বললেই চলে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, অনেক জমির আমন ধান পেকে হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কৃষকেরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন, আবার কোথাও পাকা ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষকের জমিতে ধান পাকার উপযুক্ত সময় হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে মাঠের ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বিশেষ করে নিচু জমিতে পানি জমলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনও কমে যেতে পারে।

রামচন্দ্রপুর ইউনিয়নের এক আমনচাষি সাহাবুদ্দিন মোল্লা জানান, ‘সারা বছর অনেক কষ্ট করে ধান আবাদ করেছি। এখন ধান পেকে গেছে, কাটার অপেক্ষায় আছি। কিন্তু কয়েক দিন ধরে আকাশের অবস্থা ভালো নয়। ঝড়-বৃষ্টি হলে পাকা ধান জমিতে পড়ে যাবে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’

ইউসুফ আলী নামের আরেক কৃষক বলেন, ‘ধান কাটার জন্য শ্রমিকের প্রয়োজন। একসঙ্গে অনেক কৃষকের ধান পেকে যাওয়ায় শ্রমিক পাওয়া নিয়েও সমস্যা হচ্ছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের খবর শুনে চিন্তায় আছি। বৃষ্টি শুরু হওয়ার আগেই যতটুকু সম্ভব ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছি।’

কৃষক রবিউল হোসাইন জানান ‘আমন ধান আমাদের পরিবারের প্রধান ফসলগুলোর একটি। এই ধানের ওপর অর্ধেক বছরের সংসার খরচ নির্ভর করে। ঝড়-বৃষ্টিতে ধান নষ্ট হলে ঋণ পরিশোধ ও সংসার চালানো কঠিন হয়ে পড়বে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে গাইবান্ধা জেলায় ১ লাখ ৩৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার অনেক জমিতে ধানের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে। ফলে সম্ভাব্য দুর্যোগের আগে পাকা ধান ঘরে তুলতে পারা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বলেন, ‘জমির আমন ধান পেকে গেলে আর দেরি না করে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি আলু, তরমুজসহ অন্যান্য শীতকালীন ফসলের জমিতে আপাতত কৃত্রিম সেচ দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রংপুর কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধাসহ রংপুর অঞ্চলে ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর