ঢাকা: চলতি বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই। যদিও তারেক রহমানকে দেশটিতে সফরে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে নানা টানাপোড়েনে এই মুহূর্তে সফরটি আপাতত হচ্ছে না বলে সরকারি একাধিক সূত্র জানিয়েছে। তারা এও জানিয়েছে, ভারত এখনও আশা ছাড়েনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম নয়াদিল্লি যাবেন। আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম এবং ১৪ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকা সফর করবেন। এ ছাড়া, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের প্রস্তুতিও রয়েছে। সে কারণে চলতি বছরে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের সম্ভাবনা নাই বললেই চলে। তবে কূটনীতিতে শেষ বলে কোনো কথা নেই।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা জানান, ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অবিশ্বাস বেড়েছে এবং আস্থার পরিবেশ কমে গেছে। সর্বশেষ আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে দেশের ভেতরে অস্থিরতা বেড়েছে। এই ইস্যুতে বাংলাদেশ ভারতের ওপর কিছুটা নাখোশ। বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করুক। অন্তত সেখানে বসে বাংলাদেশকে অস্থির করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করুক। কিন্তু, সেটা হচ্ছে না। উলটো ভারত প্রধানমন্ত্রীকে সফরে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এই বিষয়টিকে কিছুটা চাপ মনে করছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘শেখ হাসিনাকে থামাতে ভারত যতক্ষণ না কাঠোর হবে ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ধোঁয়াশা কাটবে না।’
জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানামুখী যে আলোচনা শুরু হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে দিল্লির অনাগ্রহ সর্বোপরি হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্কের শীতলতা বাড়ে।
বিশ্লেষকরা বলছেন, হাসিনা ইস্যুতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশকে ফের অশান্ত করে তুলছে। এই ইস্যুতে দিল্লির নীরবতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফরকে আরও জটিল করে তুলেছে। এই ইস্যুতে সরকারে থাকা ভারতবিরোধী অংশটি প্রধানমন্ত্রীকে বোঝাতে চেষ্টা করছে, এই মুহূর্তে ভারত সফর কোনোভাবেই উচিত নয়।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা ইস্যুতে নীরবতা পালন করে। তাই দিল্লিতে হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তো প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন না। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত যদি অন্তত ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ করত, তাহলেও আমরা বুঝতাম চুক্তিটি কার্যকর আছে। পরে কোনো এক সময় হয়তো হাসিনাকে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু তারা এর কিছুই করেনি।’
অপর একটি কূটনৈতিক সূত্র সারাবাংলাকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান ঢাকায় আসার পর গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়টির শীর্ষ নীতিনির্ধারকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে গঙ্গার পানিবণ্টন, প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ দিল্লি সফরসহ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এই কর্মকর্তা বলেন, ‘দুই প্রধানমন্ত্রী বসার আগে একটি অনুকূল পরিবেশ তৈরির জন্য ভারত কোনো পদক্ষেপে নিচ্ছে না। গঙ্গার পানিবণ্টন ইস্যুটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আলোচনার জন্য তাদের পক্ষ থেকে কোনো সাড়া নেই। ভারতও দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি এবং তার নানামুখী অপতৎপরতা দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।’
নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওই সিনিয়র কূটনীতিক বলেন, ‘ভারত যদি সত্যিকারার্থে আন্তরিক হয়, তাহলে যেকোনো সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে। তবে চলতি বছর সফরের কোনো সম্ভাবনা নেই বললেই চলে।’
তিনি আরও বলেন, ‘দিল্লিতে প্রধানমন্ত্রীর একটি সফর হওয়া দরকার। কিন্তু সফর হলেই যে অনেক কিছু ঠিক হয়ে যাবে, তা মনে করি না। তবে দু’দেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কিছুটা কমতে পারে।’ বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেও মন্তব্য করেন ওই কূটনীতিক।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের বার্তাসংবলিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।
ওই চিঠিতে মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দায়িত্ব নেওয়ার পরপরই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে শুরু হয় আলোচনা। প্রধানমন্ত্রী প্রথমে ভারত নাকি অন্য কোনো দেশ সফরে যাবেন, তা নিয়ে চলতে থাকে আলোচনা।
প্রধানমন্ত্রীকে প্রথম সফরে দিল্লি নিতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ভারত সরকার। তারেক রহমান সরকারের একটি অংশ প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে তার দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে ওই সময়েও গগণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কে অবনতি হয়, পিছিয়ে যায় প্রধানমন্ত্রীর সফরও।
এর আগে গত ৭ থেকে ৯ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফর করেন। সে সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ওই বৈঠকে জুলাই মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। একই সঙ্গে দু’দেশের সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনাকে দিল্লিতে চুপ রাখা হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন অজিত দোভাল। কিন্তু অজিত দেভালের আশ্বস্ত করার কোনো প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি। বরং, এখনও ভারতে বসে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। ফলে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভারত সফর কবে, কখন, কীভাবে হবে- সেটা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা কাটছে না।