Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র সংলাপ আজ, ঐক্যের জন্য দেবে ২ শর্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৩:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে এনপি। ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রথম দল হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত আলোচনাও হয়। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঐক্যের জন্য সুনির্দিষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। পাশাপাশি অতীতে দেওয়া অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে।

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফেরেন নাহিদ ইসলাম। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাকে সাজেশন দিয়ে আসব জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।’

সংলাপে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে বর্তমানে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধীদল হিসেবে তারা তাতে সাড়া দেবেন। তবে বৈঠকে প্রধানমন্ত্রী কী চাইছেন, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং চলমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা আগে শুনতে চান তারা।

প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার তিনি বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তা সবার সাধুবাদ জানানো উচিত।

এদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা
২৩ নভেম্বর ২০২৬ ১২:৪৬

ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ
২৩ নভেম্বর ২০২৬ ১২:৪৩

আরো

সম্পর্কিত খবর