Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৩:১৭

প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

ঢাকা: এবারের সম্মেলন চলাকালে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত হয়েছে, যার পুরোটাই অফেরতযোগ্য বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

রোববার (২২ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে যেখানে অনুদানের অংশ কমে গিয়ে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে, সেখানে বাংলাদেশের এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চিত হওয়া এই অর্থের পুরোটাই অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে, ফলে এর একটি টাকাও বাংলাদেশকে ফেরত দিতে হবে না। দুটি আন্তর্জাতিক তহবিল থেকে দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে এই অর্থায়ন নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস বা সিআইএফ থেকে বাংলাদেশ পাচ্ছে ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে আসছে ৩ কোটি ইউরো, যার পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা। সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮৪ কোটি টাকা বা ৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই অর্থায়নের অঙ্ক ভবিষ্যতে আরও বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম যদি বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে ওই তহবিল থেকে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়া যাবে। এই অতিরিক্ত অর্থ যুক্ত হলে সিআইএফ ও গ্লোবাল শিল্ড মিলিয়ে বাংলাদেশের মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি মার্কিন ডলার ও ৫ কোটি ইউরো, যা টাকার অঙ্কে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা। নিশ্চিত হওয়া অর্থের মধ্যে সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে এবং গ্লোবাল শিল্ডের সহায়তা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজে লাগানো হবে। বিশেষ করে জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় আসবে এবং পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

এবারের কপ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী সাফল্যের কথা উল্লেখ করে ড. পারভেজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন, যা ছিল এবারের অন্যতম বড় অর্জন। মাত্র ৪৮ ঘণ্টার সংক্ষিপ্ত ও ব্যস্ত সফরেও তিনি জাতীয় বক্তব্য দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় তাঁর ব্যক্তিগত অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন। তাঁর উপস্থাপিত দাবিগুলোর ওপর ভিত্তি করেই বাংলাদেশের প্রতিনিধিদল গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে দরকষাকষি চালিয়েছে। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের জোরালো দাবি জানিয়েছে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেখানে ঋণ একান্তই প্রয়োজন, সেখানে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টিও আলোচনায় তুলে ধরা হয়েছে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের বাইরেও সবুজ জলবায়ু তহবিল, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকে আরও অনুদান আদায়ে কাজ চলছে বলে জানান ড. পারভেজ।

এ ছাড়া ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে এবং এই বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব ও অনুদান পাওয়ার বিষয়ে জোটের সচিবালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের আকার ও কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগের সম্মেলনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, যাদের একাংশের ব্যয় বহন করেছে আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলো। এর ফলে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং উপস্থিতি ও আলোচনার মান বিবেচনায় এটি ছিল সম্মেলনের অন্যতম প্রাণবন্ত প্যাভিলিয়ন। তবে আগামী সম্মেলনে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকের সুনির্দিষ্ট অবদানের বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

কার্বন ক্রেডিট বিক্রি থেকে বাংলাদেশের আয়ের সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য দেন ড. সাইমুম পারভেজ। তিনি জানান, গত সাত-আট মাস ধরে এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে এবং সম্মেলনে গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্জিত কার্বন ক্রেডিট বিক্রির প্রক্রিয়া এগিয়ে চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে বড় কোনো অগ্রগতির খবর জানানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর