Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যবিপ্রবির সনদ জালিয়াতির অভিযোগে সাবেক রেজিস্ট্রারসহ ৭ জনের নামে চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৩:১৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ফাইল ছবি।

যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সনদ জালিয়াতির ঘটনায় সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের নামে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।

তিনি গত ১৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে জানান।

এই মামলায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীর সনদ জালিয়াতির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা তৎকালীন তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার ও যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোছা. হাসনা হেনা, সেকশন অফিসার ও চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার ও শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, সেকশন অফিসার ও চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের সুমন হোসেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে জানা গেছে, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে যবিপ্রবিতে চাকরি গ্রহণ করেন। তাদের চাকরির আবেদনের সঙ্গে জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই করে জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি. কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র, জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যদিকে সুমন হোসেনের এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।

মামলার অভিযোগে জানা গেছে, হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে সেকশন অফিসার পদে পদোন্নতি পান। সাকিব ইসলামও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার হন। জাহিদ হাসান ডেমোনেস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।

অভিযুক্তরা জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় মামলার অভিযোগকারী রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা
২২ নভেম্বর ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর