নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় বিশ্বাসের মর্যাদা নিশ্চিত করতে হালাল ও কোশার খাবার সরবরাহে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন মেয়র জোহরান মামদানি। সিটির স্কুল, হাসপাতাল, প্রবীণ সেবা কেন্দ্র ও শেল্টারে বছরে ২২ কোটিরও বেশি খাবার পরিবেশনের কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের সনদ, উপাদানের স্বচ্ছ লেবেলিং ও সেবাগ্রহীতাদের মতামত যাচাইয়ের মাধ্যমে খাদ্যসেবায় বৈষম্য দূর ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েন মুনার প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
খাবার পরিবেশন কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণের উদ্যোগ, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ
নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য সরবরাহ কর্মসূচিতে ধর্মীয় বিশ্বাস ও খাদ্যবিধির প্রতি সম্মান নিশ্চিত করতে হালাল ও কোশার খাবারের প্রাপ্যতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। এ লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে সিটির বিভিন্ন সংস্থাকে খাদ্য সরবরাহ ব্যবস্থায় হালাল ও কোশার খাবারের চাহিদা যথাযথভাবে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের জন্য নিউইয়র্ক সিটি বছরে ২২ কোটিরও বেশি খাবার ও স্ন্যাক্স পরিবেশন করে। নতুন নির্বাহী আদেশের আওতায় এই বিশাল খাদ্য কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণের বিষয়টি আরও গুরুত্ব পাবে।
মেয়র মামদানি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘কোনো নিউইয়র্কবাসীকে যেন নিজের ধর্মীয় রীতি লঙ্ঘিত হওয়ার কারণে একটি পুষ্টিকর খাবার ফিরিয়ে দিতে না হয়।’ তার এই উদ্যোগের লক্ষ্য সরকারি খাদ্যসেবায় ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং খাদ্য গ্রহণের অধিকারকে সম্মান জানানো।
নতুন আদেশ অনুযায়ী, সিটির বিভিন্ন সংস্থাকে হালাল ও কোশার খাবারের সনদ, উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার মান উন্নয়নে অভিন্ন নির্দেশিকা অনুসরণ করতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের খাদ্যসংক্রান্ত চাহিদা ও অভিজ্ঞতা জানতে নিয়মিত জরিপের ব্যবস্থাও থাকবে। আগামী ২০২৭ সালের ১৭ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের খাদ্যসংকট নিরসনে উদ্যোগ
নিউইয়র্কের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সরকারি ও বেসরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে হালাল খাবারের সীমিত প্রাপ্যতা দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে নিম্নআয়ের পরিবার, খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল মানুষ এবং ফুড প্যান্ট্রিতে খাবার নিতে আসা মুসলিমদের অনেক সময় ধর্মীয় বিধান অনুযায়ী খাবার বাছাই করতে সমস্যায় পড়তে হয়। ২০২২ সালে এপিসেন্টার (Epicenter) প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্কের ফুড প্যান্ট্রিগুলোতে হালাল খাবারের সীমিত প্রাপ্যতার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা জরিপ অনুযায়ী, শহরের ৭৫টি ফুড প্যান্ট্রির মধ্যে মাত্র ৩৮ শতাংশ হালাল খাবার সরবরাহ করত। ফলে অনেক মুসলিম পরিবার খাদ্য সহায়তা নিতে গিয়েও পর্যাপ্ত খাবার পেত না। কেউ কেউ ধর্মীয় বিধান অনুসরণ করতে গিয়ে প্রোটিনজাতীয় খাবার ছাড়াই ফিরে আসতেন।
প্রতিবেদনে আরব-আমেরিকান ফ্যামিলি সাপোর্ট সেন্টারের তৎকালীন গবেষক মাইয়া ডিলেন উল্লেখ করেছিলেন, ফুড প্যান্ট্রিতে ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা অনুযায়ী খাবার না থাকলে মুসলিম ও হালাল খাদ্য অনুসরণকারী পরিবারগুলো তুলনামূলক কম খাবার নিয়ে ফিরে যেতে বাধ্য হয়।
এ পরিস্থিতিতে মেয়রের নতুন নির্বাহী আদেশকে সরকারি খাদ্যসেবা ব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাহী আদেশে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়
নতুন আদেশে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—
প্রথমত, হালাল ও কোশার খাবারের সনদ এবং মানদণ্ড সম্পর্কে সিটিব্যাপী অভিন্ন নির্দেশিকা তৈরি ও অনুসরণ করা।
দ্বিতীয়ত, খাবারের উপাদান, প্রস্তুতপ্রণালি ও ধর্মীয় খাদ্যবিধি সম্পর্কিত তথ্য আরও স্পষ্টভাবে লেবেলিংয়ের মাধ্যমে প্রকাশ করা।
তৃতীয়ত, সরকারি খাদ্যসেবা গ্রহণকারী মানুষের খাদ্যসংক্রান্ত চাহিদা, সন্তুষ্টি ও অভিজ্ঞতা মূল্যায়নে বার্ষিক জরিপ চালু করা।
এ উদ্যোগের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্কুল, হাসপাতাল, প্রবীণদের সেবা কেন্দ্র ও শেল্টারে খাবার গ্রহণকারীরা যেন নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খাবার বেছে নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সনদ, স্বচ্ছতা ও তদারকি নিয়ে কমিউনিটির প্রত্যাশা
হালাল খাবার নিশ্চিত করার ক্ষেত্রে শুধু খাবারের নাম বা লেবেল যথেষ্ট নয়; এর উপাদান, প্রস্তুতপ্রণালি, সংরক্ষণ এবং পরিবেশনের প্রক্রিয়াও ধর্মীয় বিধান অনুযায়ী হওয়া জরুরি। হালাল খাবারের ক্ষেত্রে মাংসের উৎস, যথাযথ সনদ এবং অন্যান্য খাবারের সঙ্গে প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
এপিসেন্টারের পূর্ববর্তী প্রতিবেদনে খাবারের উপাদান সম্পর্কে অস্পষ্টতা, একই রান্নার পরিবেশে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত হওয়ার ফলে দূষণ বা মিশ্রণের আশঙ্কা এবং হালাল মাংসের সীমিত সরবরাহকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
মেট্রোপলিটান নিউইয়র্কের মজলিসে শূরার সভাপতি ইমাম আবদুল্লাহ এ উদ্যোগের বাস্তবায়নে যথাযথ সনদ ও তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘হালাল খাবার যেন সহজলভ্য হয়, যথাযথভাবে যাচাইকৃত হয় এবং অর্থবহ মান ও তদারকির মাধ্যমে হালালের অখণ্ডতা ধারাবাহিকভাবে বজায় থাকে, তা নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
ধর্মীয় অধিকার ও সামাজিক মর্যাদার নতুন দৃষ্টান্ত
নিউইয়র্ক একটি বহুজাতিক, বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক নগরী। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের বসবাস। সরকারি খাদ্য কর্মসূচিতে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণের উদ্যোগ শুধু খাবারের প্রাপ্যতা বাড়ানোর বিষয় নয়, বরং নাগরিকদের বিশ্বাস, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মেয়রের নির্বাহী আদেশ যথাযথভাবে বাস্তবায়িত হলে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় থাকা মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মানুষের জন্য ধর্মীয় বিধান মেনে পুষ্টিকর খাবার গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে খাদ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মান নিশ্চিত করার নতুন কাঠামো গড়ে উঠতে পারে।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন নিউইয়র্ক সিটির স্কুল ও হাসপাতালগুলোতে হালাল খাবার সরবরাহ নিশ্চিত করতে মেয়র জোহরান মামদানির নির্বাহী আদেশকে স্বাগত জানিয়ে বলেন, ‘স্কুল ও হাসপাতালসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হালাল খাবারের ব্যবস্থা করা মুসলিম কমিউনিটির দীর্ঘদিনের দাবি। মেয়র জোহরান মামদানি এ দাবির প্রতি সম্মান জানিয়ে যে নির্বাহী আদেশ জারি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। আমরা এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এ উদ্যোগ বাস্তবায়নে যারা আন্তরিকভাবে কাজ করেছেন এবং শরিয়াহসম্মত হালাল খাদ্য প্রস্তুত ও সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক সম্মান ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, এ আদেশ যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং নগরীর মুসলিম জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সবার জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে। আল্লাহ এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান ও বারাকাহ দান করুন।’