Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

ঢাকা: রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে বাতাসের মানের উন্নতি হলেও তা এখনো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এর আগে গত কিছুদিন ধরে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর ছিল।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকার স্কোর ছিল ১১৭। এই স্কোর অনুযায়ী, শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৭তম।

একই সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৪৮১ স্কোর নিয়ে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২৩১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি, ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মিশরের কায়রো, ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ডিআর কঙ্গোর কিনশাসা।

বিজ্ঞাপন

আইকিউএয়ার প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচকের মাধ্যমে কোনো শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত এবং এতে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে তথ্য প্রকাশ করে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি খুবই ক্ষতিকর। বাংলাদেশে বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, এনও২, সিও, এসও২ এবং ওজোনসহ দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চ মাসের একটি প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে উল্লেখ করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুহার বেড়েছে এবং এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত
২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর