বাগেরহাট: সুন্দরবনের বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার চরের আলোরকোলে আজ রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। প্রায় দুইশত বছরের বেশি সময় ধরে চলে আসা এই ধর্মীয় আয়োজন চলবে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে। সৃষ্টিকর্তার সান্নিধ্য ও আশীর্বাদ লাভ এবং ভক্তিভরে স্নানের মাধ্যমে মন থেকে পাপ মোচনের আশায় দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা চরে জড়ো হচ্ছেন।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সাধারণ পর্যটকদের প্রবেশ বন্ধ রেখে এবারের রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অংশ নিতে পারবেন। উৎসবে শ্রীকৃষ্ণের পূজা, আরতি, পুষ্পাঞ্জলি ও গাজীকালুর পূজার মতো ধর্মীয় আচার পালিত হবে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে এখানে আর মেলা বসে না, আয়োজন সীমিত রয়েছে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে।
দুবলা রাস উদ্যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, বৃষ্টির কারণে পূজা পালনে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বৃষ্টি কমে গিয়ে রোদ ওঠায় নিরাপদে দুবলার চরে যাওয়া শুরু হয়েছে। অনেকে এরই মধ্যে পৌঁছেছেন এবং বাকিরা আজ ও আগামীকাল পৌঁছাবেন। সুন্দর পরিবেশে সবাই পূজা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা ও সতর্কতা জারি করেছে বন বিভাগ। যাতায়াতের জন্য অনুমোদিত পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে-১. ধানমারি বা চাঁদপাই স্টেশন হয়ে পশুর নদী দিয়ে তিনকোনা দ্বীপের বাইরে দিয়ে; ২. বগী-বলেশ্বর, সুপতি স্টেশন, বলেশ্বর নদী, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ; ৩. বুড়িগোয়ালিনী, কপোতাক্ষ, বটুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হাঁসরাজ নদী হয়ে; ৪. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বাজবাজা, অরুয়া, শিবসা নদী ও মরজাত হয়ে এবং ৫. নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চর।
তীর্থযাত্রীদের যাওয়া ও ফেরার ক্ষেত্রে একই পথ ব্যবহার করতে হবে। নির্ধারিত প্রবেশপথ থেকে যাত্রীসংখ্যা, নৌযানের ধরন, অবস্থানের সময় ও ক্যামেরার সংখ্যার ভিত্তিতে সরকারি রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র ও প্রবেশ কুপন সংগ্রহ করতে হবে। সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি। উৎসব চলাকালে রাতে নৌযান চলাচল, যত্রতত্র নোঙর, শব্দদূষণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অস্ত্র, বিস্ফোরক, শিকারের জাল ও ফাঁদ বহন নিষিদ্ধ এবং ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, পূজা পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পুণ্যার্থীদের নিরাপত্তায় প্রশাসন রয়েছে। কেউ যেন পলিথিন ব্যবহার না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে এবং নজরদারি রাখা হবে। পাশাপাশি বন্য প্রাণী শিকার ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, তীর্থযাত্রীদের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে দুই স্তরের নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগের পাশাপাশি পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও নৌপুলিশ সদস্যরা টহল দেবেন।