বাংলাদেশের জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রমের সার্বিক মানোন্নয়নে ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন’ (সিপিএ)-এর সহযোগিতা চেয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
যুক্তরাজ্যের পার্লামেন্টে সিপিএ মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
রোববার (২২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং সিপিএ মহাসচিবের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ’র চলমান সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।
বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সংসদের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনে সিপিএ’র মতো আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কথা স্পষ্ট করে চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখেই বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের সুস্থ চর্চা অব্যাহত রাখা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে তার সংস্থার দীর্ঘদিনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক নিবিড় যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোতে বাংলাদেশের জোরালো ও কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।