Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৯:৪২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব‍্যাটেলিয়ান (এসআরবি)-২।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি ও মুল্লুক চান সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

এসআরবি-২ এর সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি, মুল্লুক চান সড়কে মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম রানাকে একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই ঘটনায় অন্য তিনজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫ পুরিয়া হেরোইন, যার ওজন ২৮০ গ্রাম এবং তানজীন খান জিসানের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ কর্তৃক জব্দকৃত আলামত -ছবি : সংগৃহীত

তিনি বলেন, গ্রেফতার হাবিবুল ইসলাম রানার বাড়ি বরিশালের গৌরনদী থানার গোরাঙ্গাল এলাকায়। সে বর্তমানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ডি ব্লক এলাকায় থাকে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। নাইম কাজির বাড়ি বরিশালের মুলাদী থানায়। বর্তমানে সে মোহাম্মদপুরের রায়েরবাজারের জাফরাবাদের পাবনা হাউজ গলিতে থাকে। তার বিরুদ্ধেও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আর সাইদুল ইসলাম রাব্বির বাড়ি ঝালকাঠির কাঠালিয়া থানার পশ্চিম চেচরি এলাকায়। তিনি মোহাম্মদপুরের রায়েরবাজারের বুদ্ধিজীবী এলাকার বাবরি মসজিদ গলিতে থাকেন। তানজীন খান জিসানের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার উলাইল এলাকায়।সে মোহাম্মদপুরের মোহাম্মদ আলী খান লেনের ৭৬/৮/বি নম্বর বাড়িতে থাকতো

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেফতার চারজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর