ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’- এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।
এর আগে, গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
পরে ফুয়াদের আইনজীবীরা সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। শুনানির জন্য ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। ওই সময় তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান। আইনজীবী যোবায়ের আহমেদ ভূঁইয়া জানিয়েছিলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ফুয়াদ আদালতে হাজির হতে পারেননি।
গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।
প্রসিকিউটর জানান, ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নেন। পরে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে স্বপ্রণোদিত নোটিশ জারি করে বক্তব্যের ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।