Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ৪ খুন / ত্রুটিপূর্ণ চার্জশিট, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ০৮:০৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০২:৫৭

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবার। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় তিন মাস পর আদালতে চার্জশিট দাখিল করতে গিয়ে চরম বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি চার্জশিটের সঙ্গে না দেওয়া এবং তদন্তে গভীর অনুসন্ধানের বদলে কেবল আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করায় তা আদালতে জমা না দিয়েই ফিরিয়ে নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় চাঞ্চল্যকর এ চার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট দাখিলের জন্য যান মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী। আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদন এবং ‘চুরির ঘটনাকে ঘিরে হত্যাকাণ্ড ঘটেছে’ উল্লেখ থাকাসহ বেশ কিছু অসংগতি ধরা পড়ে। পরবর্তী সময়ে চার্জশিটটি জমা না দিয়েই তা ফিরিয়ে নিয়ে মহানগর পুলিশ কার্যালয়ে যান তিনি।

বিজ্ঞাপন

রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল জানান, চার্জশিটে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

চার্জশিটে যেসব অসঙ্গতি ধরা পড়েছে

আদালত সূত্রে জানা গেছে, তদন্তে গভীর অনুসন্ধান না করে গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই চারজনকে হত্যার ঘটনা বর্ণনা দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছে। এ ছাড়া, খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়ার যে প্রতিবেদন সিআইডির ফরেনসিক ল্যাব থেকে দেওয়া হয়েছিল, সেটি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়নি। এমনকি পূর্ণাঙ্গ আকারে চার্জশিট তৈরি করা হয়নি বলেও জানা গেছে।

ঘটনার পর থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, তাদের সেই অভিযোগ তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি বলেও অভিযোগ উঠেছে।

তদন্ত কর্মকর্তার তাড়াহুড়ো

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প কিছু দিনের মধ্যে অবসরে যাবেন। এ কারণে তিনি তাড়াহুড়ো করে তদন্ত শেষ করে চার্জশিট তৈরির চেষ্টা করেছেন। চার্জশিটে চারজনকে শ্বাসরোধে হত্যার জন্য দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে দায়ী করা হয়েছে। তবে তদন্তে অসঙ্গতি ধরা পড়ায় শেষ পর্যন্ত সেটি আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, কয়েকদিনের মধ্যে চার্জশিট জমা হবে।

ফরেনসিক প্রতিবেদনে যা পাওয়া গিয়েছিল

গত ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতে গ্রেফতার দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এর মধ্যে খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া যায়। এছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়।

ওই সময় জিন্নাত আলী দাবি করেছিলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণে চার হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহত চারজন ও এই দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএতে উপস্থিতির প্রমাণ মেলেনি বলেও তিনি জানান।

এ ছাড়া, চার হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও তার মা প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না তা নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। তবে প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

যেভাবে ঘটে নির্মম হত্যাকাণ্ড

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীকে সিদ্ধার্থ ও মুগ্ধ দু’জনে মিলে হত্যা করেন। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন মুগ্ধ দাসকে। তাদের কলেজপড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ দাস। আর ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ দুজন মিলে।

চারজনকে হত্যার কারণ সম্পর্কে জিন্নাত আলী বলেছিলেন, ‘আসামিরা খবর পেয়েছিলেন গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০-৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। এ ছাড়া, বাড়িতে অনেক স্বর্ণালংকারও রয়েছে বলে তাদের ধারণা ছিল। মূলত চুরির উদ্দেশ্যে তারা বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করেন এবং এরপর একে একে পরিবারের সদস্যদের হত্যা করেন।’

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৩ আগস্ট রংপুর নগরীর কোতোয়ালি থানায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠায়। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি প্রথমে নগরের কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করলেও পরে দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর