Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগর উন্নয়নে সব বিভাগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২৩:২০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ২৩:০০

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। পরিকল্পনা গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ে তার বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে চসিক কার্যালয়ে পরিচ্ছন্নতা, প্রকৌশল, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় ফুটপাত দখল ও পুনর্দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি নিউমার্কেট, জামালখান, দেওয়ানবাজারসহ ব্যস্ত এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। বিশেষ করে দেওয়ানবাজারে মাছ বিক্রেতাদের ফুটপাত ও সড়ক দখল না করে নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে বলেন। পাশাপাশি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থায় আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করেন তিনি। বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা ও কালুরঘাটসহ বিভিন্ন এলাকার সড়কদ্বীপের ময়লা অপসারণ এবং ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় তিন মাসের মধ্যে গুণগত পরিবর্তন আনার নির্দেশ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিসিক শিল্প এলাকা ও বায়েজিদ বোস্তামী এলাকার শিল্পাঞ্চলেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বলেন।

সভায় রাজস্ব আদায় নিয়েও আলোচনা হয়। প্রশাসক জানান, বিসিক শিল্প এলাকায় প্রায় ২৪৬টি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর ও সেবামাশুল পরিশোধের তথ্য যাচাই এবং বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইভাবে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক প্রায় ৩৬টি বেসরকারি কন্টেইনার ডিপো ও টার্মিনালের হোল্ডিং ট্যাক্সসহ প্রযোজ্য রাজস্ব নির্ধারণ ও আদায়ের নির্দেশ দেন তিনি।

প্রশাসক বলেন, নগরীর নাগরিক সেবা নিশ্চিত করতে চসিকের নিজস্ব আয় বাড়াতে হবে। কোনো প্রতিষ্ঠানকে অন্যায় সুবিধা দেওয়া হবে না, আবার কারও ওপর অন্যায্য চাপও সৃষ্টি করা যাবে না। আইন অনুযায়ী সবার কাছ থেকে প্রাপ্য রাজস্ব আদায় করতে হবে।

বন্দরকেন্দ্রিক ভারী যানবাহনের চাপ বিবেচনায় সিমেন্ট ক্রসিং থেকে বোট ক্লাব হয়ে দেওয়ানহাট পর্যন্ত সড়ক আরসিসি পদ্ধতিতে উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির নির্দেশ দেন তিনি। পাশাপাশি কুয়াইশ-অক্সিজেন সড়কের উন্নয়ন, বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন এবং সিটি গেট এলাকায় নগরীর প্রবেশপথ দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে বলেন।

বর্ষা শেষে শুষ্ক মৌসুমে চলমান ও অসমাপ্ত সড়ক উন্নয়নকাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রশাসক। ফ্লাইওভারের পানি নিষ্কাশনের পথ নিয়মিত পরিষ্কার রাখা এবং সড়ক ও ফুটপাতের উন্নয়নকাজের সময় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেন তিনি।

চট্টগ্রামকে সবুজ নগরীতে রূপ দিতে ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রশাসক। সভায় কর্মকর্তারা জানান, ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও টিকে থাকা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরেন প্রশাসক।

চসিকের নিজস্ব সম্পত্তি ও পুরোনো মার্কেটগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে রাজস্ব বাড়ানোর বিষয়েও সভায় আলোচনা হয়। সুগন্ধা ও বিবিরহাটসহ বিভিন্ন মার্কেটের উন্নয়ন এবং নতুন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন তিনি।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর